বিপাকে করোনাকালে বন্ধ হওয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা

করোনাকালে অর্থ ও ব্যবস্থাপনা সংকটে বন্ধ হয়ে গেছে হবিগঞ্জের ৫০টির বেশি কিন্ডারগার্টেন। আর, এতে বিপাকে পড়েছে শত শত শিক্ষার্থী।

অভিভাবকরা জানান, সম্প্রতি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও, ওই কিন্ডারগার্টেনগুলো চালু হয়নি। কারণ, সেসব প্রতিষ্ঠানই আর্থিক ক্ষতির মুখে বন্ধ হয়ে গেছে।

তবে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, দুশ্চিন্তার কারণ নেই, কাছের যে কোন সরকারি স্কুলেই ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। 

করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিলো হবিগঞ্জের কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। আর এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়ে কিন্ডারগার্টেনগুলো।

শিক্ষার্থীদের বেতন না থাকায় আর্থিক সংকটে পড়ে বন্ধ হয়ে যায় বহু প্রতিষ্ঠান। শিক্ষকদেরও বিদায় করে দেয় প্রতিষ্ঠানগুলো। অনেক কিন্ডারগার্টেন ভাড়া করা দালানও ছেড়ে দেয়।

কিন্তু সম্প্রতি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও, বন্ধ কিন্ডারগার্ডেনগুলো খোলেনি। এতে শিক্ষা থেকে বঞ্চিত হবার ঝুঁকিকে পড়েছে বহু শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাবির এক আসনের বিপরীতে লড়বে ৪৫ শিক্ষার্থী

হবিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন জাহাঙ্গীর জানান, আর্থিক সংকটের কারণেই বন্ধ হয়ে গেছে সেসব কিন্ডারগার্টেন।

এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা তৌফিকুল ইসলাম বললেন, বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের স্কুল-মুখী করতে কাজ করছেন তারা।

একাত্তর/আরএ