মাদারীপুরের কালকিনিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউনিয়ন পরিষদ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর উড়ে গেছে একটি ঘর।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার চর দৌলতখান ইউনিয়নের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য মনাই হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তারা হলেন সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী এবং দক্ষিণকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার। তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিডিখান ইউপি পরিষদের চার নং ওয়ার্ডের সদস্য মনাই হোসেনের বসতঘরে হাতবোমা তৈরি করার সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটি উড়ে যায়। এ সময় পাঁচজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ইয়ামিন বেপারী (৪৫) ও সুমন সিকদারকে (৩০) বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ১৮ লাখ ফাইজারের টিকা দেশে আসছে আজ
প্রত্যক্ষদর্শী বেলায়েত কবিরাজ বলেন, আমরা বোমার শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি রক্ত পড়ে রয়েছে। বোমা বিস্ফোরণে আহত দুইজনকে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বোমাগুলো তৈরি করা হচ্ছিল।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদেরকে উদ্ধার করা হয়েছে।