নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর এলাকায় দুইটি হত্যকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয় ও বন্দর এলাকায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে এলাকাবাসীর খবরে উপজেলার পূর্বাচল ৭নং সেক্টর থেকে অটোরিকশা চালক হৃদয় হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয় ভোলাব ইউনিয়নের দুখাই মিয়ার ছেলে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে।
এদিকে, বন্দর উপজেলায় ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ঘাতক ছেলে বাপ্পিকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল কলেজ মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: পাকিস্তান দলে রদবদল, জায়গা পেলেন ফখর, সরফরাজ, হায়দার
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গ্রেপ্তারকৃত বাপ্পী তার বাবা বিল্লাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এলাকাবাসী আহত বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। বিল্লাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার বিকেলে বাপ্পিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পৃথক থানায় দুইটি মামলা দায়ের করা হয়। দোষীদের শাস্তি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একাত্তর/টিএ