সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই

মানিকগঞ্জে রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল আটটার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ অক্টোবর) রাত তিনটার দিকে রবিন একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসলে রাস্তায় বাঁশ ফেলে ৮-১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুইজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরণ। জ্ঞানফিরে ব্যবসায়ী রবিনের হাত পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই কিংবা পূর্বশত্রুতার জেরে নাকি অন্যকোনো কারণে এই হত্যাকান্ড ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


একাত্তর/টিএ