পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পৌর শহরের খাজুরা এলাকা থেকে বুশরা (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহিপুর থানা পুলিশ বুশরার স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের শ্বশুড়বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে, বুশরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় রোববার সকালে নিহত গৃহবধূর স্বামী ইয়াকুব খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
তবে মৃত গৃহবধূর চাচা মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই স্বামী ইয়াকুব তাকে মারধর করতো।
আরও পড়ুন: রাস্তার পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
শনিবার বিকেলে বুশরাকে মারধর করে তার শ্বশুরবাড়ির লোকজন। এই কথা বুশরা তার বাবাকে জানালে তার বাবা বুশরাকে বাড়িতে আনার জন্য গেলে জামাই উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয়। সন্ধ্যার পরে ইয়াকুব ফোন করে তাকে জানায় বুশরা গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে। তার ১৮ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
একাত্তর/এসজে