ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সার সাথে ট্রাকের ধাক্কায় শিশু সহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন আব্দুল ওয়াহেদ ও শিশু হাবিবা। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার তিনলাখপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহেদ ভূঁইয়া জেলার নবীনগর উপজেলার ওয়াদুদ ভূঁইয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলার ইসলামপুর পলিটেকনিক্যাল কলেজে হিসাববিজ্ঞান বিভাগে জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন।
আরও পড়ুন: জোর করে নাবালিকার সাথে বিয়ে দেয়ায় বরের মামলা, আটক দুই
নিহতের স্বজনরা জানান, আব্দুল ওয়াহেদ ভূঁইয়া তার পরিবার ও স্ত্রীর বড় বোনের পরিবারের সদস্যদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা যাবার পথে তিনলাখপীর এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকেই নিয়ে গেছে।