রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার সহিংসতার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তারের আগেই মো. সৈকত মণ্ডলকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।
সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার সৈকত ও রবিউলকে রংপুর থেকে আটক করে র্যাব। এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় ক্ষুব্ধ ছিলো সাধারণ নেতা-কর্মীরা।
গ্রেপ্তারের পর শনিবার (২৩ অক্টোবর) র্যাব সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে সৈকত মণ্ডলকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসাবে দাবি করা হয়।
রংপুর মহানগর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন জানান, গত ১৮ অক্টোবর মাঝিপাড়ায় ঘটনায় সরাসরি অংশ নেওয়ার প্রমাণ পাওয়ায় দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই ঘটনায় কারমাইকেল শাখা ছাত্র লীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করে ছাত্রলীগ।
আরও পড়ুন: সাতদিনের রিমান্ডে ইকবালসহ চারজন, মণ্ডপে কোরআন রাখার দায় স্বীকার
কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের সাধারণ নেতাকর্মীর জানান, দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডল আগে থেকেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় সহপাঠীরা ক্ষুব্ধ ছিলো।
একাত্তর/এসি