সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ চলছেই, রুখে দাঁড়ানোর ডাক

সারাদেশে সবসময় যারা ধর্মীয় অসন্তোষ তৈরি করে, তারাই এবারও পূজার সময় সাম্প্রদায়িক হামলা করেছে বলে মনে করছেন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

সে সঙ্গে এই কুচক্রী মহলকে প্রতিহতের ডাকও দিয়েছেন তারা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসুচি থেকে এই আহবান জানান তারা।

এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও জানান, বঙ্গবন্ধুর বাংলায় ঠাঁই পাবে না সাম্প্রদায়িক গোষ্ঠি। সবার সম্মিলিত চেষ্টায় বিনাশ হবে এই অপশক্তি।

সোমবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে শুরু হয় মানববন্ধন। আওয়ামীলীগ নেতাদের পাশাপাশি এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা জানান, এদেশ হিন্দু-মুসলিমসহ সবার। কিন্তু সংঘাতের মাধ্যমে একটি চক্র দেশকে অস্থির করতে চাচ্ছে।

একইভাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধনে অংশনেন উপাচার্য, উপ-উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়া সুস্থ আছেন: ফখরুল

এসময় বক্তারা জানান, বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সবাই এক হলে এই অপশক্তি দূর করা সময়ের ব্যাপার মাত্র।

ঝিনাইদহে মানববন্ধন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতির বাংলাদেশ। এক ঘন্টার এই মানব বন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

কিশোরগঞ্জে সাম্প্রদায়িতা রুখতে মানববন্ধন করেছে সম্প্রীতি মঞ্চ। পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়ি, মন্দির ও মণ্ডপে হামলার নিন্দা জানানো হয়।

বাগেরহাটেও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। এসময় হামলাকারীদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।


একাত্তর/টিএ