রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিবুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন কমিশন হতে প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।
এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ১১টায় নির্বাচনী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে নিহত হন কাপ্তাইয়ের ইউপি সদস্য সজিবুর রহমান।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে নতুন বাজার সংলগ্ন মাঠে মেম্বার সজিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারও মানুষ অংশ নেন।
আরও পড়ুন: পাটুরিয়ায় ফেরি ডুবি: আজকের মতো উদ্ধার অভিযান শেষ
এর আগে সকালে নতুন বাজার এলাকায় সজিব হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে কাপ্তাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ। বিক্ষোভে তারা সজিব হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।
একাত্তর/আরএ