মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ডুবে যাওয়া রো-রো ফেরি শাহ আমানতের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। তবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল থেকে আবারও উদ্ধার শুরু করা হবে জানান তিনি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া ফেরি থেকে একটি মোটরসাইকেল, চারটি ট্রাক ও পাঁচটি কভারভ্যান উদ্ধার করা হয়। বাকি পাঁচটি পণ্যবাহী ট্রাক এখনও পানিতে ডুবে আছে।
বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজ চালালেও অপর আরও একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ চাঁদপুর থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে ঘটনাস্থলে জাহাজটি পৌঁছাতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে ফেরি ডুবির ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসক পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ ও জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছানোয়ারুল হককে প্রধান করা হয়েছে।

আরও পড়ুন: আবারও নাম্বার ওয়ান সাকিব আল হাসান
তদন্ত কমিটি ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে পণ্য বোঝাই ১৪টি ট্রাক ও চারটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি শাহ আমানত আকস্মিক ভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়।
একাত্তর/এসি
