আসছে না প্রত্যয়, চলছে তৃতীয় দিনের উদ্ধারকাজ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া শাহ আমানত ফেরির উদ্ধারকাজ তৃতীয় দিনের মতো চলছে। উদ্ধারকাজে সহায়তা করতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে সন্ধ্যায় এসে পৌঁছাবে রুস্তম। 

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল আটটায় শুরু হ‌য় তৃতীয় দি‌নের উদ্ধার কাজ। দুপুর সা‌ড়ে ১২টায় এক‌টি কাভার্ডভ‌্যান উদ্ধার করা হ‌য়ে‌ছে। এর আগে, বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ হামজা পাঁচটি কাভার্ডভ্যান এবং আগের দিন বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। সব মিলিয়ে তিনদিনে চারটি ট্রাক, ছয়‌টি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সকা‌লে দুর্ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ন বিআইড‌ব্লিউ‌টিএ'র চেয়ারম‌্যান গোলাম মো. সা‌দেক। তি‌নি জা‌নি‌য়ে‌ছেন, ফেরি প্রত‌্যয়কে উদ্ধারকাজ করতে আনা যা‌বে না। স্রো‌তের কারণে প্রত‌্যয় আস‌তে অনেক দে‌রি হ‌বে।

তিনি আরও জানান, বিকল্প হি‌সে‌বে উদ্ধারকারী জাহাজ রুস্তম‌কে আনা হ‌বে এবং সে‌টি শুক্রবার সন্ধ্যার ম‌ধ্যে ঘটনাস্থ‌লে পৌছা‌বে। রুস্তমও হামজার মত শুধুমাত্র যানবাহন উদ্ধা‌রে কাজ কর‌বে। সবগু‌লো যানবাহন উদ্ধার করা হ‌লে পরবর্তীতে ডু‌বে যাওয়া ফে‌রি উদ্ধা‌র কাজ শুরু করা হ‌বে। রুস্তম ও হামজা দি‌য়ে ফে‌রি‌টি‌কে উদ্ধার করা না গে‌লে বিকল্প ব্যবস্থাপনায় উদ্ধার করা হ‌বে। 

আরও পড়ুন: মোবাইল গেমস নিয়ে বিরোধ, সহপাঠীর গলা কেটে হত্যার চেষ্টা

উদ্ধার অভিযান ইউনিটের ইনচার্জ বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, নদীর তলদেশে নতুন করে আরও তিন‌টি কাভার্ডভ‌্যান ও এক‌টি মোটরসাই‌কেল শনাক্ত করা গে‌ছে। পর্যায়ক্রমে সেগু‌লো তোলা হ‌বে। 

ডুবু‌রিরা জানান, পা‌নির তল‌দে‌শে অতি‌রিক্ত বালুর কারণে ফে‌রির নি‌চের অং‌শে ঢোকা যা‌চ্ছে না। ত‌বে তল‌দে‌শে ফে‌রির নি‌চে আরও যানবাহন থাক‌তে পা‌রে। উদ্ধার হওয়া যানবাহ‌নগু‌লো এখনও মা‌লিক‌দের কা‌ছে হস্তান্তর করা হয়‌নি। 

এদিকে, শুক্রবারও নদীর পাড়ে ভিড় করছেন ডুবে যাওয়া মোটরসাইকেলের বেশ কয়েকজন মালিক। তারা বলছেন, ফেরিডুবির সময় কোনমতে প্রাণে বেঁচে পাড়ে উঠেছেন। কিন্তু তাদের মোটরসাইকেল ফেরি থেকে নদীতে পড়ে গেছে। দুইদিনেও ডুবুরিদল মোটরসাইকেলের হদিস করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।  

ফেরিডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের পৃথক দু'টি তদন্ত কমিটি দল বৃহস্পতিবার বিকেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হক বলেন, তদন্ত কাজ চলছে। ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে পণ্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং সাতটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ-এর তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়।


একাত্তর/এসজে