মাদারীপুর সদর উপজেলার দক্ষিণকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কৃর্তীনাশা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে তানভীর ভূইয়া (৩) নামের এক শিশু। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে এখনো উদ্ধার করা যায়নি।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে থেকে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দল চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের দক্ষিণকান্দ্রি গ্রামের ইসমাঈল ভূইয়ার শিশু সন্তান নদীর পানিতে পড়ে ডুবে যায়।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানায়, বাড়ির সামনে কৃর্তীনাশা নদীর পাড়ে বাঁধা ট্রলারে এলাকার কয়েকজন শিশুর সাথে তানভীর খেলা করতে যায়। অন্যান্য শিশুরা ট্রলারে উঠে খেলা করে বাড়ি ফিরে আসে। শিশু তানভীর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা শিশুটিকে নদীতে খুঁজতে থাকে।
আরও পড়ুন: নেশার টাকার জন্য পারভেজকে হত্যা করে তার বন্ধুরা
শিশুকে খুঁজে না পাওয়ায় মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে ডুবরি দল এসে উদ্ধারে অংশগ্রহণ করে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কাজ করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকাল ১০টায় আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সেপেক্টর নূর মোহাম্মদ শিকদার বলেন, কৃর্তীনাশা নদীতে শিশু ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। নদীতে পানি বেশি থাকায় পরবর্তীতে বরিশাল থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়। ডুবুরি দল দুপুর থেকে বিকেলে পর্যন্ত চার ঘন্টা নদীতে তল্লাশী করে শিশুটির কোনো সন্ধ্যান করতে পারেনি। শুক্রবারও উদ্ধার তৎপরতা চলছে।
একাত্তর/আরবিএস