আরসার কথিত 'সেকেন্ড ইন কমান্ড' হাসিমের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথিত নেতা মোহাম্মদ হাসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা দিয়েছে। 

নিহত হাসিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। তিনি কথিত আরসার সেকেন্ড ইন কমান্ড ছিলেন। অবশ্য প্রশাসন আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বলে দাবি করে আসছে। 

আরও পড়ুন: ঘুংঘুর সম্মাননা ২০২১ পেলেন তাজুল ইমাম

আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিলেন হাসিম। তিনি সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদরাসায় হামলা চালিয়ে সাতজন হত্যার অন্যতম হুকুমদাতা। ক্যাম্পে অঘোষিত নিয়ন্ত্রণযজ্ঞ চালান হাসিম। এমনকি যারা তার সঙ্গে চলেন তাদের ওপরও বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তিনি।

সূত্রটি আরও জানায়, এসব ঘটনায় সাধারণ রোহিঙ্গারা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। হয়তো গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ক্যাম্পেও প্রশাসনের লোক আছে। প্রয়োজনে ফাঁড়ি থেকে মরদেহ উদ্ধারে যাবে পুলিশ। 


একাত্তর/আরএইচ