নাটোরের গুরুদাসপুরে দুই শতাধিক খাঁচা বন্দী বুনো বককে (পাখি) আকাশে অবমুক্ত করেছেন পরিবেশকর্মীরা। প্রায় ১২টি বিলে অভিযান পরিচালনা করে এসব বক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিবেশকর্মীরা উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে ওই অভিযান পরিচালনা করেন।
পরিবেশকর্মী নাজমুল হাসানের নেতৃত্বে মেহেদী হাসান তানিম, মনির হোসেন, সাদেক আলী ও আশিকুর রহমান ২৭টি পাখি শিকার করা ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করেন।
এ সময় ২৭টি শিকারী বক উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, জীববৈচিত্র রক্ষায় পরিবেশকর্মীদের নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন মাঠে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: বিশ্বে প্রথম করোনায় মুখে খাওয়ার পিল অনুমোদন
পাখি শিকার দন্ডনীয় অপরাধ জেনেও শিকারীরা পাখি শিকার করে চলছে অবাধে। মাঠের মধ্যে হাটু কাঁদা পানি পেরিয়ে শিকারীদের কাছে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়, এ কারণে তাদের ধরা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
বকগুলোকে আকাশে অবমুক্ত করার সময় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে পাখি শিকার বন্ধে জনসচেতনতামুলক প্রচার-প্রচারণাও চালানো হয়।
একাত্তর/আরবিএস