ইউপি নির্বাচন: রূপগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আটক পাঁচ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় আবদুর রশিদ নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জসিম উদ্দিন জাসু পালাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার মুরাপারা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মাছিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির টহল রয়েছে এলাকাটিতে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে মাছিমপুর এলাকায় একটি শালিশ বৈঠকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ মোল্লা মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেনের শ্যালক ও মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে। তাদের দাবি, উপজেলা ভাইস চেয়ারম্যানে মোঃ সোহেলের গানম্যান জসিম উদ্দিন জাসু গুলি করে আবদুর রশিদকে হত্যা করেছে। 

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে তালা প্রতীক নিয়ে সিরাজুল ইসলাম, টিউবওয়েল প্রতীক নিয়ে ফাইজুদ্দিন ফাজু, ফুটবল প্রতীক নিয়ে দিয়ামিন ইসলাম আবু ও মোরগ প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজুল ইসলাম রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার পান্না ওরফে ভিপি সোহেল ঘনিষ্ঠ সহচর।

এজন্য ভিপি সোহেল চেষ্টা করেছিলেন সিরাজুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য। কিন্তু অপর তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিপক্ষের প্রচার হামলা ও মাইক ভাংচুরের অভিযোগ ওঠে।

বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে স্থানীয়রা বিচার শালিশ বসে। এ সময় তাওলাদ হোসেনের শ্যালকের আবদুর রশিদের সঙ্গে ভিপি সোহেলের বডিগার্ড (গানম্যান) জসিম উদ্দিন জসুর বাগবিতণ্ডা হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্ট হয়। এক পর্যায়ে উত্তেজিত জসিম তার সঙ্গে থাকা বন্দুক দিয়ে আবদুর রশিদকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অটিজম রোগ নয়, বিশেষ পরিস্থিতি: পররাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মূল অপরাধীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমাছ। ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডে শুধুমাত্র ইউপি সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ভোট গ্রহণ করা হবে। 


একাত্তর/আরবিএস