শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

তীব্র স্রোতের কারণে ১৩ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (৮ নভেম্বর) মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করলেও দুর্ঘটনা এড়াতে পরে তা বন্ধ করে দেওয়া হয়।

শিমুলিয়া ঘাট সূত্রানুসারে, সকালে শিমুলিয়া ঘাট থেকে ছাড়া একটি ফেরি দেড় ঘণ্টায় বাংলাবাজার ঘাটে পৌঁছায়। পরে সেই ফেরি লোড করেই শিমুলিয়া ঘাটে ফিরে আসে।

আরও পড়ুন: মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

প্রসঙ্গত, তীব্র স্রোতের কারণে ১৮ আগস্ট থেকে এই নৌরুটে ফেরি বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চার অক্টোবর থেকে পাঁচটি ছোট ফেরির মাধ্যমে পারাপার শুরু হলেও ১১ অক্টোবর নদীতে আবার স্রোত বেড়ে যায়। ফলে সেতুর নিরাপত্তা নিশ্চিতকরণে ও দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে ফেরি চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কর্তৃপক্ষ। তবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরি চালানোর একটি সিদ্ধান্ত পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/টিএ