কেজিতে ১০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র একদিনের পার্থক্যে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। আমদানি বাড়ায় হুট করেই দামের এই পরিবর্তন দেখা দিয়েছে।

আগেরদিনও বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি কাঁচামরিচ ৭০ টাকা বিক্রি হয়।

কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, দেশীয় কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি ও দাম কমে আসায় কয়েক মাস আগে বন্দরে মরিচ আমদানি বন্ধ হয়ে যায়। কিছুদিন ধরে আবারও বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ কমে আসায় দাম বেড়ে গেছে। দেশের বাজারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

আরও পড়ুন: বাড়িতে একসাথে চার প্রেমিকার আগমন, যুবকের বিষপান

তিনি বলেন, দেশের চাহিদা থাকায় ও ভারতের বাজারে দাম কিছুটা কমে আসায় বন্দরের ছোট-বড় সব আমদানিকারই কাঁচামরিচ আমদানিতে ঝুঁকছেন। ফলে দেশের অন্যান্য বন্দরের মতো এই বন্দরেও আমদানি বেড়েছে। এতে মরিচের দাম কমছে।

এদিকে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি অব্যাহত রয়েছে। আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, গত সাত নভেম্বর বন্দর দিয়ে চারটি ট্রাকে ৩২ টন ও পরদিন ছয় ট্রাকে ৩৯ টন কাঁচামরিচ আমদানি হয়। এছাড়া গতকাল মঙ্গলবার ১০টি ট্রাকে আরও ৯০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।


একাত্তর/টিএ