নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা চেয়ারম্যানে প্রার্থী জাকির হোসেনের সমর্থক।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোররাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন সালাউদ্দীন ও জাহাঙ্গীর। অপরজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক এবং অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির হোসেন।
আরও পড়ুন: দায়িত্ব পালনকালে প্রিজাইডিং অফিসারের মৃত্যু
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, নির্বাচন ও পূর্বশত্রুতার জের ধরে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
একাত্তর/আরএইচ