লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরু চোরাকারবারী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ নভেম্বর) কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের পাঁচ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের মৃত আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানি (৪৫) ও একই এলাকার ইদরিস আলীর ছেলে মৃত: মোসলেম উদ্দিন (৪০)।
সীমান্তবাসী জানান, কয়েকজন গরু চোরাকারবারী বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের পাঁচ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতের গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে সে দেশে অনুপ্রবেশ করেন। তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আসাদুজ্জামান ভাষানি ও মোসলেম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ৫০ গজ ভারতের অভ্যন্তরে মারা যান।
আরও পড়ুন: ফতুল্লায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দুই নারীর মৃত্যু
জানা যায়, এতে আরও কয়েকজন আহত হয়েছেন। আহতরা পালিয়ে দেশে ফিরে গোপনে চিকিৎসা নিচ্ছেন। ভারতীয় সীমান্তবাসী মরদেহ পড়ে থাকতে দেখে ছবি তুলে বাংলাদেশি সীমান্তবাসীকে পাঠালে তাদের পরিচয় শনাক্ত হয়।
এ প্রতিবেদন লেখার সময় মরদেহ দু’টি সীমান্তের প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত দু’জনের মরদেহ সীমান্তের ৫০ গজ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের স্থানীয় ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান ।
স্থানীয়রা আরও বলেন, মাদকসহ গরু চোরাকারবারীরা ভারতের সীমান্তে গিয়ে বিএসএফ'র সাথে মারমুখী আচরণ করলে বিএসএফ গুলি করে হত্যা করে।
একাত্তর/এসজে