কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় সুমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি শহরের সুজানগর পূর্ব পাড়া বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে এবং ওই ঘটনায় দায়ের হওয়া মামলার চার নম্বর আসামি।
বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাবিক হোসেন জানান, গোপনসূত্রে খবর পেয়ে হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসাধীন সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। তার চিকিৎসার প্রয়োজন হলে পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যুদ্ধাপরাধে বিএনপি নেতা মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড
এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের কথা উল্লেখ করা হয়।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে কাউন্সিলর সোহেলকে নিজ কার্যালয়ে ঢুকে সহযোগীসহ গুলি করে হত্যা করে মুখোশধারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন।
একাত্তর/আরএইচ