গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুন লেগে প্রায় পাঁচশ' ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই বস্তির একটি ঘরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে লোকজন কোনমতে ঘরের বাইরে চলে আসে। তারা বলছেন, ঘরের বাইরে মালামাল বের করতে না পারে অনেকে নিঃস্ব হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন এগিয়ে আসে সহায়তার জন্য। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলছেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তাসহ সবধরনের সহযোগিতা দেয়া হবে পর্যায়ক্রমে।
আরও পড়ুন: গলাচিপায় কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. মানিক উজ্জামান জানান, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
স্থানীয়রা বলছে, আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের দাবি, আগুনে পুড়ে গেছে প্রায় পাঁচশত বস্তিঘর।
আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনও জানা যায়নি। তবে মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/এসজে