ব্রাহ্মণবাড়িয়ায় আফ্রিকা ফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা

করোনায় ভাইরাসের ভয়ঙ্কর ধরন ওমিক্রন মোকাবেলায় সতর্ক রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিভাগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক সংক্রমণ রোধে বিদেশ থেকে আগত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা প্রবাসীদের বাড়িতে টাঙানো হলো লাল পতাকা। চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন কসবার পাঁচজন, বাঞ্ছারামপুর ও নবীনগরের একজন করে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা সাত প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টানিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, সোমবার (২৯ নভেম্বর) আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সাতজন প্রবাসী রয়েছেন, যারা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোনো উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে। করোনার অস্তিত্ব ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। এছাড়াও আখাউড়া স্থলবন্দরে বিভিন্ন সতর্কতা নেওয়া হবে বলেও তিনি জানান। 

আরও পড়ুন: আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে বের করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা করোনা কমিটির একটি সূত্র জানায়, আগত ব্রাহ্মণবাড়িয়ার সাত নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন এ রাখার সিদ্ধান্ত হয়। সে সাথে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে ও কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে। 

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ১২ হাজার ৪১৬ জনের করোনা সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৮০ জনের। 


একাত্তর/এসি