রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া মোজাফফর হোসেন নান্নুর (৬৫) মরদেহ উদ্ধার করেছে ফরিদপুর জেলার সিএনবি ঘাট নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় নান্নুর মরদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মোজাফফর হোসেন নান্নু কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে বাসিন্দা ছিলেন।
নিখোঁজ মোজাফফর হোসেনের ভাতিজা দোলোয়ার হোসেন জানান, বুধবার মোজাফফর হোসেন তার বড় মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। রাত ১০ টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠেন। মধ্যরাতে দৌলতদিয়া ফেরি ঘাটে এসে পৌঁছান। এরপর ভোরে ফেরি কেরামত আলীতে উঠেন তারা।
আরও পড়ুন: করোনায় আবারও মৃত্যু শূন্য দিন দেখলো দেশ
দোলোয়ার আরও জানান, এ সময় ফেরিতে বাসটি ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ফেরি ছাড়ার সময় পন্টুনের সাথে ধাক্কা লেগে ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যান তিনি।
এ ব্যপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্পীডবোট নিয়ে তল্লাশি করা হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। সারাদিন চেষ্টার পর আমরা খবর পাই মরদেহটি ফরিদপুর জেলার সিএনবি ঘাটের নৌপুলিশের সদস্যরা উদ্ধার করেছে।
একাত্তর/আরবিএস