এবার ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও মুরাদকে অব্যাহতি

অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেয়ায় সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জেলা ও উপজেলার পর এবার নিজ ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ইউনিয়ন আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাঃ মুরাদ হাসান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন। মুরাদ হাসান জামালপুর-সরিষাবাড়ী আসনের সাংসদ। অশালীন, শিষ্টাচারবর্হিভুত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান ও এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়ার কারণে গত সোমবার তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কু‌মিল্লার নাঙ্গলকোটে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

মঙ্গলবার মুরাদ হাসান পদত্যাগ পত্র জমা দিলে ওইদিন সন্ধায় জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ। এরপর বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা ডেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় মুরাদ হাসানকে। সর্বশেষ তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন  বলেন, মুরাদ হাসানকে দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে তাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


একাত্তর/টিএ