জাওয়াদে ভোলায় ৩১ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ভোলায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ৩১ হাজার ৯৮১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ক্ষতি পুষিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। ক্ষেতের অবশিষ্ট ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এনজিও ও ঋণের টাকা কীভাবে পরিশোধ করবে সেই দুশ্চিন্তায় আছেন তারা।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তিন দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে ভোলা জেলার সাত উপজেলায় আমনের ক্ষেত, বোরো ধানের বীজতলা, রবিশস্য ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

আরও পড়ুন: ১৫ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারলো না কামাল

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভোলা জেলায় ৮২ হাজার ৫০২ হেক্টর জমির আবাদকৃত আমন ধানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজার ৬৬৯ হেক্টরের ফসল। বোরো চাষ করা হয়েছে এক হাজার ৩২ হেক্টর জমিতে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৩ হেক্টর জমির বীজতলা।

জেলা কৃষি অফিস আরও জানিয়েছে, জেলায় আমন ধান ইতোমধ্যে ৫৫ ভাগ কাটা হয়ে গেছে। বাকি ৪৫ ভাগ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের আমন ধান দ্রুত কাটার পরামর্শ দিয়েছেন।


একাত্তর/টিএ