কক্সবাজারে তিন শিশু সন্তানের মুখে বিষ তুলে দিয়ে নিজেও বিষপান করেছেন এক বাবা। এসময় ঘটনাস্থলেই বাবা ও এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এক ছেলে ও এক মেয়ের হাসপাতালে পাঠিয়েছে র্যাব।
রোববার (১২ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষের ঘটনায় মৃতরা হলেন- বাবা আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তার (৮)। আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে।
গুরুতর আহতরা হলো- ছেলে যাবের (২) ও মেয়ে মাহিমা (৪)।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। এক পর্যায়ে রাতে স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর ভোররাতে নিজের তিন ছেলে-মেয়েকে বিষপানের পর নিজেও বিষপান করেন। এসময় মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: স্বপ্ন নিয়ে উত্তরা থেকে আগারগাঁও গেলো মেট্রোরেল
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, আমি সকাল থেকে ঘটনাস্থলে আছি। এখানে দুইজনের মৃতদেহ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে এ ঘটনা থাকতে পারে।
একাত্তর/এসি