ঝগড়া থামাতে গিয়ে টেঁটার আঘাতে স্কুল শিক্ষক আহত

নেত্রকোনার দুর্গাপুরে ঝগড়া থামাতে গিয়ে টেঁটার আঘাতে নুর ইসলাম মাস্টার (৭৫) নামের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়ায় দুপক্ষের ঝগড়ার মাঝে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত নুর ইসলাম মাস্টার নলজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও খুজিঁউড়া গ্রামের মৃত নবীর হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা বলছে, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে নলজোড়া গ্রামের মজিবুরের সাথে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। রোববার সকালে জাহাঙ্গীর আলম খুজিউড়া গ্রামের একটি কবরস্থানের বিষয়ে গ্রামের লোকদের নিয়ে আলোচনায় বসে। 

এমন সময় ওই জায়গায় মজিবুর জাহাঙ্গীর আলমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে টেঁটা দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করে। এই দৃশ্য দেখে নুর ইসলাম মাস্টার ঝগড়া থামাতে গেলে তার বুকেও টেঁটা দিয়ে আঘাত করে মজিবুর। পরে দুইজনকেই স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে নুর ইসলাম মাস্টারের অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/ এনএ