পাবনায় নির্বাচনী সহিংসতায় আবারো মৃত্যু

পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা নিয়ে নৌকা ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পিটিয়ে ও ছুড়িকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে সদরের চরতারাপুর ইউনিয়নের বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার বিকালে চরতারাপুর গ্রামে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান খান ভোটের কাজে ওই এলাকাতে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী রবিউল হক টুটুলের সমর্থকেরা তাদের নির্বাচনী প্রচার কাজে বাধা প্রদান করে।

এসময় সিদ্দিক সমর্থক নাছিম শেখ (২৫) মোবাইল ফোনে বাধা প্রদানের দৃশ্য ভিডিও করছিলো। নৌকার সমর্থকেরা তার উপর চড়াও হয়ে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ধর্ষণের পর আপত্তিকর ছবি ফাঁস, চাচা-ভাতিজা গ্রেপ্তার

নিহত নাছিম শেখ ইউনিয়নের নায়েব আলী শেখের ছেলে।

এদিকে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকেরা বাধা দেয়ার পর দ্বিপাক্ষিক সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিসহ আক্রমনের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মিজানুর রহমান খান, মুক্তার খান, আফাজ উদ্দিন খান।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/টিএ