ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোর পিটুনিতে শাহীন চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে ঘটনাটি ঘটে।
নিহত শাহীন চৌধুরী একই এলাকার মৃত আবদুর রহমান এর ছেলে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ঘটনার পর থেকে পলাতক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাহীন চৌধুরী সাবেক ইউপি সদস্য বাবুলের রোড সিমেন্ট দোকানে কর্মরত ছিলেন। সে দোকান থেকে চেয়ারম্যান ভুট্টুর ঘনিষ্ঠ সহযোগী হাশেম ৭ লাখ টাকার মালামাল বাকিতে নিয়ে যায়।
একপর্যায় নিহত শাহীন চৌধুরী পাওনা টাকা ফেরত চাওয়ায় হাসেম ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ঘটনাটি জানায়।
আরও পড়ুন: আস্থা অর্জন করে টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা করে মুয়াজ্জিন
ঘটনা শুনে ভুট্টু চেয়ারম্যানের নেতৃত্বে তার পরিষদের মেস্বার ও যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা চেয়ারম্যানের সহযোগী সোহাগ ও শরীফসহ বেশ কয়েকজন লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে বেধড়ক মারধর করে গুরতর আহত করে।
পরে স্থানীয়রা শাহীন চৌধুরীকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মহি উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।
এব্যপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
একাত্তর/টিএ