বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরছড়া ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোছাম্মৎ আদনিন ও দুপুর দেড়টার দিকে মোঃ আহনাফ আকিব (২২) নামে দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তারাছা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (আইসি) মো. জাকির। আদনিনের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় এবং তিনি একজন কলেজ শিক্ষার্থী। তার বাবার নাম জহিরুল ইসলাম।
এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করে পর্যটকেরা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মির্জা জহির উদ্দিন ঘটনার বিষয়ে জানান, বান্দরবন বেড়াতে যাওয়া ১০ বন্ধুর মধ্যে একজন শুক্রবার ঝর্ণার কূপের পানিতে গোসল করতে নামে।
এসময় সে আস্তে আস্তে তলিয়ে যাওয়ার বিষয়টি হঠাৎ তার তিন বন্ধুর চোখে পড়ে। তখন ওই তিন বন্ধু তলিয়ে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করে কূপের তীরে উঠিয়ে দিলেও তারা নিজেরা পানির নিচে তলিয়ে যায়।
আরও পড়ুন: ঢাকায় ভর্তি সবার শ্বাসনালী পুড়ে গেছে: ডা. সামন্তলাল সেন
পরে অন্য শিক্ষার্থীরা কূপে খোঁজাখুঁজি করে মারিয়া ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করে বলে জানান তদন্ত কর্মকর্তা।
নিহত মারিয়া নারায়ণগঞ্জ হেরিটেজ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন বান্দরবন ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো: আমিনুল হক।
পুলিশ জানিয়েছে, রাতে প্রচণ্ড ঠাণ্ডা থাকায় উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটক উদ্ধারে নামতে পারেনি। তবে সকালে উদ্ধার তৎপরতায় নামেন তারা। খোঁজাখুঁজির পর বাদুরছড়া ঝর্ণার পাশের সাঙ্গু নদীর একটি বাঁক থেকে আদনিনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
একাত্তর/এসজে