টাকাসহ পোলিং এজেন্ট গ্রেপ্তার, প্রিজাইডিং অফিসার সাসপেন্ড

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে আখাউড়ার মনিউন উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন পুলিং এজেন্টকে দুটি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হলে ভোট কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তারা ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট হাবিবুল বাসারকে (৩৫) মোবাইল আছে কিনা জিজ্ঞাসা করেন। তিনি ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমানের এজেন্ট ছিলেন।

এ সময় কর্তব্যরত কর্মকর্তাদের সাথে পুলিং এজেন্ট অশোভন আচরণ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার দেহ তল্লাশি করে। তখন তার পকেটে দুটি মোবাইল ও ১৭ হাজার টাকার একটি একটি খাম পাওয়া যায়। খামের উপরে লেখা ছিল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম ও পদবি।

আরও পড়ুন: জাল ভোট দেয়ার সময় ছয় কিশোর আটক

পরে কেন্দ্রে অবস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলামের আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার অলক কুমার চক্রবর্তীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পোলিং এজেন্ট হাবিবুল বাসার আখাউড়া উপজেলার মনিউন গ্রামের মধ্য পাড়ার মানিক মিয়ার পুত্র।


একাত্তর/আরএ