দেশে আরও তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত

দেশে আরও তিনজনের দেহে করোনাভাইরাসের নতুন করে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ জন ওমিক্রনে আক্রান্ত হলেন। আর আক্রান্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা থেকে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।

জিআইএসএআইডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬৫ বছর ও ৪৯ বছর বয়সী দুই নারী এবং ৬৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। গত সোমবার ওই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।  

এর আগে দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। গত ১১ ডিসেম্বর তাদের আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। এছাড়া ২৭ ডিসেম্বর একজন এবং ২৮ ডিসেম্বর আরও চারজনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে।

আরও পড়ুন: রাশিয়ায় এক মাসে ৭১ হাজার লোকের মৃত্যু

এদিকে করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আসছে একটার পর একটা দুঃসংবাদ। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী দৈনিক গড়ে ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।  

ওমিক্রন সুনামির এই আতঙ্কের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বিশ্ববাসী। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে নতুন বছরকে স্বাগত জানানোর কর্মসূচি সীমিত করা হয়েছে। 


একাত্তর/আরবিএস