পাল্টাপাল্টি হামলায় দুই চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাংচুর

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় নৌকা ও স্বতন্ত্র (বিদ্রোহী) দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই দলের কর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ইউনিয়নের রানীগ্রাম, বাহাদুর ও মশিন্দা পশ্চিমপাড়ায় এসব ভাংচুরের ঘটনা ঘটে।

মশিন্দায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত মোস্তাফিজুর নৌকা প্রতীকে ও ঘোড়া প্রতীকে আব্দুল বারী (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইউনিয়নের মশিন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভা চলছিল। সভায় প্রত্যেক ওয়ার্ডের নির্বাচনী অফিস থেকে কর্মী ও সমর্থকবৃন্দ ওই সভায় যোগ দিতে গিয়েছিল। এই সুযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ফাঁকা পেয়ে নৌকা প্রার্থীর কয়েকজন সমর্থক এসে ভাংচুর চালায়। 

আরও পড়ুন: দেশে আরও তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত

এ ঘটনার খবর পেয়ে সভা শেষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মীগণ মিছিল নিয়ে নৌকার প্রার্থীর একটি নির্বাচনী অফিসে ভাংচুর চালায়। এরপর সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন (ওসি) জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস