বিএসএফ বাগড়ায় বন্ধ রেলস্টেশন নির্মাণকাজ

বিএসএফের বাধায় আবার বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদা রেলস্টেশনের নির্মাণকাজ। এতে হতাশা তৈরি হয়েছে এলাকার লোকজনের মাঝে। 

এদিকে বারবার কাজ বন্ধ হওয়ায় নষ্ট হচ্ছে প্রকল্পের মালামাল ও নির্মাণ সামগ্রী। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি বিজিবির কেউ। 

আখাউড়া-লাকসাম ৪৭ কিলোমিটার ডুয়েলগেজ রেলপথ নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সাতটি স্টেশন ভবন, স্টেশন ইয়ার্ড, ছয়টি ব্রিজ ও ২৫টি কালভার্ট নির্মাণের কাজ চলছিল।

এরই মধ্যে প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, এই অজুহাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের বাধায় গেল বছরের মার্চে কসবা, সালদানদী ও মন্দাবাগ পয়েন্টের কাজ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: ৯৯৯ কলে উদ্ধার হলো কুমির

৯ মাস বন্ধ থাকার পর দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনায় সেই কাজ শুরু হলেও, দু'দিন না যেতেই ২৬ ডিসেম্বর আবার প্রকল্প কাজে বাধা দেয় বিএসএফ। এ কারণে কসবা ও সালদা ষ্টেশন ভবন এবং স্টেশন চত্বরে ড্রেন তৈরির কাজ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তমা গ্রুপের প্রকল্প প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম। 

এ বিষয়ে বিজিবির কেউ কথা বলেতে রাজী হননি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম।

২০২৩ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


একাত্তর/এসজে