প্রসঙ্গ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন (নাসিক) হলেও শুরু থেকেই শামীম ওসমান আর সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্ব জায়গা করে নিয়েছিলো গণমাধ্যমের শিরোনামে।
সেসময় একদিকে শামীম ওসমানকে গডফাদার বলে আখ্যায়িত করেছেন আইভী, অন্যদিকে প্রার্থীকে নয় প্রতীককে সমর্থন করছেন বলে বক্তব্য দেন শামীম ওসমান।
এতসব আলোচনা আর শঙ্কার মধ্যে কোন সহিংসতা ছাড়াই শেষ হয় নাসিক নির্বাচন। ভোটের জয়-পরাজয়ের হিসাবে আইভী-তৈমুরের নাম প্রধান হলেও আবারও সামনে এসেছে শামীম আর আইভীর দ্বন্দ্ব।
মোট ১৯২ টি কেন্দ্রের বেশিরভাগেই আইভী জয় পেলেও শামীম ওসমানের ভোট দেওয়া কেন্দ্রে সম্মিলিতভাবে হেরেছে নৌকা।
নির্বাচনের দিন রোববার বেলা সাড়ে তিনটায় নগরের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দেন শামীম ওসমান। এই স্কুলে মোট তিন কেন্দ্রের ফলাফলে দেখা যায় নৌকা পেয়েছে ১ হাজার ২০১ ভোট। প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক পেয়েছে ১ হাজার ২৯৯ ভোট।
আরও পড়ুন: ইসি গঠনে আইনের খসড়া অনুমোদন, নিয়োগে সার্চ কমিটি
এ বিষয়ে শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, উত্তর চাষাঢ়া তার পারিবারিক এলাকা। এবারই প্রথম তিনি মাজদাইরের আদর্শ স্কুলে ভোট দিয়েছেন। তিনি এখানকার নতুন ভোটার।
সিটি নির্বাচনে ভোট দেওয়ার জন্য তড়িঘড়ি করে তিনি ভোটার এলাকা পরিবর্তন করে এখানকার ভোটার হয়েছেন। এটি মূলত হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের এলাকা। তবে তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানে নৌকা জিতেছে।
প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট ১৯২টি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভীর প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট।
৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে মেয়র পদে জয়ী হয়েছেন আইভী।
একাত্তর/টিএ