স্বামীকে হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন (৪১) ও একই উপজেলার মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৪২)।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুনের সাথে মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে রমজান আলী আছিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। 

আরও পড়ুন: আরসা প্রধানের ভাই শাহ আলীর বিরুদ্ধে তিন মামলা

কিন্তু স্বামী আবু বক্কার মণ্ডল জীবিত থাকতে আছিয়া খাতুন তাকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। 

পরে দুইজন মিলে তাদের পরকীয়া প্রেমের বাধা দুর করতে আবু বক্কার মণ্ডলকে হত্যার পরিকল্পনা করে এবং ২০১৬ সালের ১ জুন সন্ধ্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ বাদি হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করেন।


একাত্তর/এসজে