আবারো শুরু হচ্ছে সারাদেশে খোলা বাজারে চাল-আটা বিক্রি

চালের বাজার নিয়ন্ত্রনে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) থেকে সারাদেশে উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার

সেই সঙ্গে মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ১০ টাকা কেজিতে চাল বিতরণ আবারও শুরু হবে

বুধবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এক বৈঠক থেকে বেরিয়ে যাবার সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এসব কথা জানান।

এদিকে, খাদ্যপণ্যের ট্রাকে চাঁদাবাজির অভিযোগ বিষয়ে জেলা প্রশাসকদের একটি প্রতিবেদন দিতে বলেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

চালসহ নিত্যপন্যের দাম এখন আকাশচুম্বি কিছু দিন পরই নানা অজুহাতে চালের দাম বাড়িয়ে চলেছেন মিলাররা এই পরিস্থিতিতে টিসিবির ট্রাকের সামনে বাড়ছে মানুষের ভিড়

এই পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে এক হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা কেজিতে চাল এবং ১৮ টাকা কেজিতে আটা বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার সেই সঙ্গে মার্চ থেকে ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হবে

খাদ্যমন্ত্রী বলেন, সারা বছর সরকারের ওএমএস চালু আছে। তবে সেটি সীমিত ছিল। ৭৩০টি দোকানে চালু ছিলো। বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে ডিলারের মাধ্যমে ওএমএস চালু হবে। চালের মজুদ এখন ইতিহাসের সবচেয়ে বড় মজুদ।

তিনি জানান, সরকারে গুদামে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ আছে। তাই খাদ্য সংকটের কোন শংকা নেই সরকারিভাবে মোটা চাল ৩০ টাকা কেজি বিক্রি করা হলেও, সরকারের খরচ হয় ৩৭ টাকা বলেও জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী আরো জানান, ওএমএস কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালাতেও বলা হয়েছে।

এদিকে, কৃষকের হাত থেকে ভোক্তা পর্যন্ত খাদ্যপণ্য পৌছাতে পরিবহন খাতে অস্বাভাবিক খরচের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকদের একটি প্রতিবেদন পাঠাতে বলেছেন কৃষিমন্ত্রী

তিনি বলেন, ‘ট্রাকের খরচ বা কোথাও চাঁদাবাজির শিকার যদি তারা হয়ে থাকে, তাহলে কতো টাকা কোথায় দিল, সেটা আমরা বের করি। বের করে তারপর আমরা চেষ্টা করব জাতীয় পর্যায়ে একটি ব্যবস্থা নিতে, যাতে এটি বন্ধ করা যায়’।

তিনি জানান, দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সারসহ কৃষি পণ্য সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।


একাত্তর/এসএ