শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর একটি খাল থেকে ভাসমান অবস্থায় কাজলী (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। কাজলী ওই গ্রামের কাউসারের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাজলী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে বুধবার তার পিতা কাউসার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঝিকমারি খালে কাজলীর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল বলেন, এটি হত্যা না অন্য কোন কারণে মৃত্যু তা ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে গলায় আঘাদের চিহ্ন রয়েছে। এছাড়াও মরদেহের কিছু অংশ কাঁকরা খেয়ে ফেলেছে।
একাত্তর/এসএ