হবিগঞ্জ সদর হাসপাতালের একটি ওয়ার্ড থেকে এক নবজাতক নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর একই হাসপাতালের আরেকটি ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে নবজাতকদের বিশেষ সেবা ইউনিট থেকে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, চুরির পাঁচ ঘণ্টা পর শিশুটিকে এক মায়ের কোল থেকে উদ্ধার করা হয়। ওই নারীও একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন।
দুটি শিশুই মঙ্গলবার সকালে জন্ম নেয়। তাদের বিশেষ সেবা ইউনিটে রাখা হয়। ছেলে শিশুটি কান্নাকাটি করায় একজন তার অভিভাবক পরিচয় দিয়ে নার্সের কাছ থেকে নিয়ে যান।
আরও পড়ুন: গর্ভবতী ছাগল চুরির পর জবাই, আটক তিন
কর্তৃপক্ষ জানতে পারে তিনি প্রকৃত অভিভাবক নন। পরে হাসপাতালেই শিশুটিকে পাওয়া যায়। ঘটনাটি ভুলবশত হয়েছে, নাকি খারাপ উদ্দেশ্যে করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
আর, চুরি যাওয়া নবজাতকের স্বজনরা জানান, সকাল ৯টার দিকে নবজাতকের এক স্বজন বাচ্চা আনতে গেলে দায়িত্বরত নার্স জানায় বাচ্চাকে তার বাবা নিয়ে গেছেন।
এ সময় শিশুটিকে কোথাও না দেখে হাসপাতালে উত্তেজনা তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পাঁচ ঘণ্টা পর গাইনি ওয়ার্ডে বাচ্চাটিকে পাওয়া যায়।
একাত্তর/এসজে