সাফারি পার্কে জেব্রাগুলোকে হত্যার অভিযোগ আনলেন এমপি

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পর পর ১১টি জেব্রার মৃত্যুর পাশপাশি একটি বাঘের মৃত্যু হয়েছে। আর এ ঘটনার জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই দায়ি করলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। 

সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, আমার মনে হয় জেব্রাগুলো মারা যায়নি, সেগুলোকে হত্যা করা হয়েছে। 

এ সময় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও কামনা করেন এ সংসদ সদস্য।  

এদিকে রোববার (৩০ জানুয়ারি) দুপুরে পার্ক পরিদর্শনের সময় পার্কের মৃত প্রাণিগুলোর সন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে আরেকটি ভয়াবহ তথ্য।  এ সংসদ সদস্য ও গণমাধ্যমের কর্মীরা জানতে পারেন, ১১টি জেব্রার মৃত্যুর পাশপাশি একটি বাঘেরও মৃত্যু হয়েছে সেখানে। গত ১২ জানুয়ারি বাঘটির মৃত্যু হয়। অথচ এ বিষয়টি গোপন রাখে পার্ক কর্তৃপক্ষ।

এর আগে গত ২২ দিনে পার্কে নয়টি জেব্রার মৃত্যুর পর শনিবার সকালে আরও দুটি জেব্রার অসুস্থ হওয়ার খবর জানিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরে ওই দুটি জেব্রারও মৃত্যু হয়েছে। 


এদিকে, জেব্রার মৃত্যুর কারণ ও প্রতিকারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পার্ক কর্তৃপক্ষের গঠিত মেডিকেল বোর্ড মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ায় সংক্রমণের কথা জানায়।

রোববার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, প্রযোজ্য ক্ষেত্রে দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকরণ এবং করণীয় বিষয়ে মতামত দিতে সকালে সাফারি পার্ক পরিদর্শন করেছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 

আরও পড়ুন: ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন। বিশেষ করে যে দেশ থেকে প্রাণীগুলো আমদানি করা হয়েছিল সেই দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সাথে এ ব্যাপারে কথা হয়েছে।


একাত্তর/আরবিএস