ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আর কয়েকঘণ্টা পর। এ মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসির দাবিতে কক্সবাজার আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, দুপুর ২টার পর আদালতের বিচারক আসার পর রায় ঘোষণা করা হবে বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম। 

এসময় আদালত প্রাঙ্গনে মেজর সিনহার পরিবারের কেউ হাজির না হলেও, আসামিদের অনেকের আত্মীয়স্বজন সেখানে উপস্থিত হন।  

এছাড়াও সকাল থেকে কক্সবাজার জেলা জজ আদালতে জড়ো হন মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ কুমারের আমলে টেকনাফ থানায় নানা সময়ে 'ক্রসফায়ারে' নিহতদের স্বজনরা। এসময় তারা বিক্ষোভ ও মানববন্ধন করে ওসি প্রদীপের ফাঁসি দাবি করেন। 

আরও পড়ুন: সিনহা হত্যা মামলার রায় সোমবার, সর্বোচ্চ শাস্তির আশা পরিবারের

তাদের অভিযোগ, প্রদীপ কুমার ওসি থাকাকালীন বিভিন্ন সময়ে টেকনাফে অন্তত দুইশ' জন 'ক্রসফায়ারে' নিহত হন। ওসি প্রদীপের ফাঁসির মধ্য দিয়ে বিচারবহির্ভূত হত্যা একেবারে বন্ধ করার দাবি জানান তারা। 

এসব হত্যা ও নির্যাতনের পর ভুক্তভোগীদের পরিবার মামলা করেছিলেন কিনা তাদের কাছে তা জানতে চাওয়া হলে তারা জানান, মামলা তো নেয়া হয়নি, উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের সামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ হত্যাকাণ্ডের পর টেকনাফে প্রায় দেড় হাজার পুলিশ সদস্যকে বদলি করা হয়। বরখাস্ত করা হয় ওসি প্রদীপকে।


একাত্তর/এসজে