বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়ে, শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল করে বের করে। মিছিলটি কোট বিল্ডিং ঘুরে শাপলা চত্তরে এসে মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী। তার কোন ধন সম্পত্তি থাকে না, কারোর সাথে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তে তেমনই একজন।

আরও পড়ুন: বইমেলাহীন ভাষার মাস শুরু

তিনি উপাসক উপাসিকাদের কাছ থেকে প্রাপ্ত দানের টাকা অসহায়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দিয়ে থাকেন। তাকে তার বিহারেই সোমবার দিবাগত মধ্য রাতে কুপিয়ে হত্যা করা হয়। কেন তাকে হত্যা করা হলো এমন প্রশ্ন তোলেন বক্তারা। 

বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তেকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি বিহারে একা ছিলেন। এ হত্যাকাণ্ডে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।


একাত্তর/টিএ