মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ ও লিয়াকতের প্রিজনভ্যানে মিষ্টি ছুঁড়ে ক্ষোভ মিটিয়েছেন এক যুবক। তার নাম আব্দুল বারেক টিপু (৩২)।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল পাঁচটা দিকে কক্সবাজার আদালত চত্বরে এই ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শীরা ছোঁড়া বস্তুটিকে মিষ্টি বললেও পুলিশের দাবি এটি ঢিল ছিলো।
ঘটনার পরপরই টিপুকে আটক করে পুলিশ। অবশ্য আটকের ঘণ্টাদুয়েক পর তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিনহা হত্যা মামলার প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডের খবরে আদালত চত্বরে মিষ্টি বিতরণ হয়। এ সময় আসামিরা চলে যাবার সময় টিপু প্রিজন ভ্যানে মিষ্টি ছুঁড়ে মারেন।
আরও পড়ুন: কনডেম সেলে চুপচাপ প্রদীপ-লিয়াকত
আদালত থেকে কারাগারের পথে রওয়ানা দেয়া ওই প্রিজন ভ্যানে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরা।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, প্রিজন ভ্যানে ঢিল মারার কারণে টিপুকে আটক করা হয়। পরে সোমবার রাতে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।