ঝড়ে বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, নিখোঁজ ১২ জেলে

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনো ১২ জেলে নিখোঁজ রয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগর এবং সুন্দরবনের দুবলারচর সংলগ্ন বিভিন্ন এলাকায় দেড় শতাধিক জেলেকে নিয়ে ওই ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা দেড়শ জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারে সাহায্যে তীরে উঠতে পারলেও ১৪ জেলে নিখোঁজ হয়। বঙ্গোপসাগরের গভীরে আটটি এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় ১০টি ট্রলার ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেদের মধ্যে ডুবন্ত দুটি ট্রলারের মধ্যে থেকে মামুন শেখ ও ইসমাইলের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে তিন জেলে হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শাহিন (৪০) ও মফিজুল (৩০) এবং খুলনার কয়রা উপজেলার চাকলা গ্রামের মিজান (৩৪)। তাদের উদ্ধারে শনিবার থেকে অভিযান চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ এবং ফিসারম্যান গ্রুপ।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় জানান, জেলেরা বঙ্গোপসাগর এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় মাছ আহরণ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়।

ঝড়ের কবলে পড়ে দুবলারচরের ৮ কিলোমিটারের মধ্যে ১০টি এবং দুবলারচর থেকে ৪৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় আরো জানান, ঝড়ের সময় মুষলধারে বৃষ্টিতে ভিজে দুবলারচরে জেলেদের বিপুল পরিমাণ শুঁটকি মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে করে জেলেরা আর্থিকভাবে দুই কোটি টাকার উপরে ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন: রুপপুরে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু

ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায়র তথ্য মতে, উদ্ধারকারিরা শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত ডুবে যাওয়া ছোট-বড় ১২টি ট্রলার উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ জানান, জেলেরা ছোট-বড় ট্রলার নিয়ে বঙ্গোপসাগর এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় মাছ আহরণ করছিলেন। এসময় হঠাৎ ঝড় শুরু হলে বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৮টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। জেলেদের শতাধিক ট্রলার উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলেও জানান তিনি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড এবং স্থানীয় জেলেরা অভিযান চালাচ্ছে। বঙ্গোপসাগর এবং দুবলারচরের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান চলছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ওই তিন জেলের সন্ধান মেলেনি।

কোস্টগার্ড দুবলা কন্টিনজেন্টের পক্ষ থেকে জানানো হয়, ট্রলার ডুবির পর কোসটগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বঙ্গবন্ধুর চর এলাকা থেকে জীবিত অবস্থায় তিন জেলেকে উদ্ধার করেছে। এছাড়া তারা ডুবে যাওয়া দুটি ট্রলার শনাক্ত করেছে। নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।


একাত্তর/টিএ