গত বছর শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলার ঘটনায় সারাদেশে আলোচিত হয়ে ওঠে কুমিল্লার নানুয়া দিঘি পাড়ের দর্পণ সংঘের পূজামণ্ডপটি। এবার সেই মণ্ডপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত দর্শণার্থীরা সেখান প্রতিমা দর্শনে আসেন। পূজার শুরু থেকেই এই মণ্ডপকে ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা।
মণ্ডপে সারাদিনই মোতায়েন ছিলো পুলিশের টিম। পর্যবেক্ষণে ছিলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয় পুরো এলাকাটি।
নানুয়া দিঘীর পাড়ে সরস্বতী পূজা উদযাপন কমিটি দর্পণ সংঘের সদস্যরা জানান, খুব স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের মতোই এ বছর স্বরসতী পূজা উদযাপন হচ্ছে। অসাম্প্রদায়িক আবহে সবাই উৎসবমুখর পরিবেশেই এখানে প্রতিমা দর্শনে এসেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজার শুরু থেকেই নানুয়া দিঘি পাড়ে অবস্থান নিয়ে রেখেছেন।
আরও পড়ুন: নওগাঁয় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল পাল বলেন, এবারের করোনা মহামারীর কারণে সীমিত পরিসনে এ পূজা উদযাপন করা হয়েছে। গেল দুর্গাপূজাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা যেন আর না ঘটে। আমরা সকলে মিলে সম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় রেখে চলতে পারি সে প্রত্যাশা করি।
এরআগে গত বছরের ১৩ নভেম্বর শারদীয় দুর্গোৎসবের সময় নানুয়া দিঘির উত্তর পাড়ের ঠিক এই মণ্ডপে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সেখানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে তা সারা সারাদেশে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়।
একাত্তর/আরবিএস