কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লার মোগলটুলি এলাকার ফারুকিয়া হাউজিংয়ে অবস্থিত দলটির কার্যালয়ে এ নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে। ঘটনা চলাকালে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরে মহানগর কমিটির মেয়াদ শেষ হওয়া উপলক্ষে কেন্দ্র থেকে নতুন আমির নির্বাচনের তোড়জোড় শুরু হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম দলীয় কার্যালয়ে রুকন ও ওয়ার্ড নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। তবে আমির পদের নতুন ভোটার তালিকায় দীর্ঘদিনের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও দুই নায়েবে আমিরের নাম বাদ পড়ে। এতে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের অনুসারীরা বাইরে জড়ো হয়ে হট্টগোল ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ স্বাভাবিক করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে দলীয় কোন্দলের বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছেন, কার্যালয়ে সভা চলাকালে হঠাৎ কিছু বহিরাগত যুবক অনধিকার প্রবেশ করে হট্টগোল ও গাড়ি ভাঙচুর চালিয়েছে। পুরো ঘটনাটি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
