এক মাস আগে দেবে গেলেও এখনো নিরাপদ হয়নি রাজবাড়ীর তেনাপচা সেতু। পরিত্যক্ত ঘোষণা হলেও এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সেতু দেবে যাওয়ায় ভাঙন ঝুঁকিতে পড়েছে শতশত বসতবাড়ি ও নানা অবকাঠামো। এলাকার লোকজন জানান, অপরিকল্পিতভাবে খাল খনন করায় এমন বিপদে পড়েছে মানুষ।
২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেবে যায় তেনাপচা এলাকার সেতুটি। এরপর এটিকে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।
কিন্তু জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র উপায় সেতুটি হওয়ায়, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন দেবোগ্রাম ইউনিয়নের আটটি গ্রামের মানুষ।
এদিকে এলাকার লোকজনের অভিযোগ, খালটি খননের পর থেকেই ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে বসতভিটাসহ ফসলি জমি।
আরও পড়ুন: বাবার চেয়ে সন্তানের বয়স বেশি, বন্ধ মুক্তিযোদ্ধা ভাতা
এক মাসের বেশি সময় পার হলেও, এটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুষছেন পানি উন্নয়ন বোর্ডকে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।
২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ছোট খাল সংস্কারের আওতায় তেনাপচা এলাকা থেকে সদরের বসন্তপুর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকা খনন করে পানি উন্নয়ন বোর্ড।
একাত্তর/এসজে