নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকায় বেড়াতে গিয়ে কলমাকান্দার পাহাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী গ্রামের মুন্সি বাড়ীর মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের ছেলে নেত্রকোনা পুলিশ লাইন্সে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও একই বাড়ীর বানেশ্বরদী ইউপির প্রয়াত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিপুর ছেলে নকলা উপজেলা শাখা যুবদলের সদস্য মোহাম্মদ ইনছানুল ইসলাম ইনসান (৩০)।
আরও পড়ুন: ত্রিভুজ প্রেমে মিরাজ হত্যার ঘাতকসহ গ্রেপ্তার তিন
এ ঘটনায় সুমন মাহমুদ (২৩) নামে আরেক মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা সাত শহীদের সমাধিস্থল থেকে একটি মোটরসাইকেলে করে তারা ফিরছিলেন।
পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
এ সময় গুরুতর আহত হন সুমন মাহমুদ। স্থানীয়রা সুমন মাহমুদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, নিহতদের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/টিএ