প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে লুকিয়ে বাংলাদেশে এসে পুলিশের হাতে আটক হয়েছেন খুসনুমা (১৭) নামে এক ভারতীয় তরুণী।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ওই তরুণী ভারতীয় মুড়িমাখা সীমান্ত দিয়ে মহানন্দা নদী পার হয়ে তেঁতুলিয়ায় উপজেলার কৃষ্ণকান্তজোত গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে আসার পর স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ হাসিনুরের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
খুসনুমার বাড়ি ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামে। তিনি ওই গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন খুসনুমা। তাকে থানায় নিয়ে আসার পর থেকেই আব্দুল লতিফ (২১) নামে এক তরুণ তার সাথে কথা বলতে চাচ্ছিলেন।
আরও পড়ুন: অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন
সেসময় লতিফ পুলিশকে জানান, খুসনুমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। লতিফের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মেলেহাট ইউনিয়নের রতন দিঘী গ্রামে।
লতিফ পুলিশকে আরও জানান, আট বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভারতের কেরালায় হোটেলে কাজ করার সময় খুসনুমার সাথে সম্পর্ক গড়ে ওঠে তার। কয়েক বছর আগে পূজার ছুটিতে দেশে আসার সময় খুসনুমার সাথে তার পরিচয় হয়।
গত সপ্তাহে লতিফ বাংলাদেশের নিজ বাসায় ফিরে আসেন। সেই খবরে খুসনুমাও ভারত থেকে পালিয়ে আসেন তেঁতুলিয়ায়।
এদিকে খুসনুমা বাংলাদেশে পালিয়ে আসার খবরে ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়ায় ছুটে আসেন লতিফ। তিনি পুলিশের কাছে আকুতি জানিয়েছেন খুসনুমাকে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, খুসনুমা ও লতিফের সাথে কথা বলে জানা গেছে, তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তবে মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে লতিফের হাতে তুলে দেয়া যাচ্ছেনা।
তিনি আরও জানান, বিজিবিকে এ ব্যাপারে জানানো হয়েছে। বিজিবি আর বিএসএফের সহযোগিতায় পতাকা বৈঠকের মাধ্যমে খুসনুমাকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
একাত্তর/এসজে