সর্বস্ব বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে বৃদ্ধ ওমর আলীর (৮০) ঠাঁই মিলেছে খুপরি ঘরে। তিনি মুন্সীগঞ্জ শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন ৬নং ওয়ার্ডে দক্ষিণ কামারগাঁওয়ের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আট বছর আগে ছেলে লিটনকে বিদেশ পাঠানোর জন্য ভিটে-মাটি বিক্রি করেন ওমর আলী। কিন্তু বিদেশ যাওয়ার পর তিনি আর বাবার খোঁজ নেননা।
জানা যায়, দুই বিয়ে করলেও কোনো ঘরের সন্তানরাই খোঁজ নেননা ওমরের। তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। পলিথিন মোড়ানো খুপরি ঘরে খেয়ে না খেয়ে জীবন-যাপন করছেন তিনি।
ওমর আলীর এলাকাতেই থাকেন তার মেয়ে পেয়েরা বেগম। যোগাযোগ করা হলে তিনি একাত্তরকে বলেন, আমার বাবা বাড়ি, জমি বিক্রি করে তার আগের স্ত্রীর ছেলেকে বিদেশ পাঠিয়েছে। এখন সে খোঁজ নেয় না। আমরা যতোটা পারি সহযোগিতা করি।
আরও পড়ুন: এবার নারী ট্রেন চালক নিয়োগ দেবে সৌদি
ওমর আলী সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কোন কিছুই শুনতে পান না বলে জানান প্রতিবেদককে। অসহায়ভাবে কান্না সুরে বলেন, ৩-৪ দিন ধরে ভাত না খেয়ে আছি।
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের কাছে ওমরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেক বছর ধরেই এভাবে থাকেন ওমর। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করছি।
একাত্তর/আরএ